ভারত সফর হতে পারে, তবে হতে হবে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে : ডা. শফিকুর রহমান
রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত সফরেও কোনো অসুবিধা নেই।
তবে সেই সম্পর্ক ও সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে। দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একইসাথে সরকার প্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের টুঁটি চেপে ধরতে পারেন। তিনি চাইলে এসব বন্ধ হবে।
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। মানুষের এই আস্থা অর্জনে সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।
কেউ যেন মানুষের ভোট ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
সম্মেলনে আরও বক্তব্য দেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক।
এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির এড. আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইনসহ মহানগরীর শূরা সদস্য ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ। সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক নারী-পুরুষ রোকন সদস্য অংশ নেন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিকেলে একই স্থানে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনেও প্রধান অতিথির বক্তব্য দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180848