নীলফামারীর কিশোরগঞ্জে এসিল্যান্ডের ওপর বালুদস্যুদের হামলা, অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে এসিল্যান্ডকে হামলা করে অবরুদ্ধের ঘটনায় মামলা হয়েছে। নামীয় ৫ জন ও অজ্ঞাত ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে বাদি হয়ে মামলাটি করেন বাহাগিলি ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগটি দায়ের করা হয়।
এদিকে, গত বুধবার বিকেলে অভিযানে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জাহান তন্বী হামলার শিকার হন। এসময় একটি বালু বোঝাই ট্রলি আটক করলে বালুদস্যু সিন্ডিকেটের শতাধিক নারী-পুরুষ ওই কর্মকর্তাসহ ভ্রাম্যমাণ আদালতের পুলিশ সদস্যসহ অন্যান্যদের প্রায় আধাঘন্টা আটক করে রাখে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ট্রলিটি থানায় নিয়ে আসে। এ ঘটনায় বাহাগিলী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছে। মামলায় উত্তর বাহাগিলীর স্বপন ইসলাম, পারভেজ ইসলাম, জাহেদুল ইসলাম, আরব আলী, সুমন ইসলাম ও অজ্ঞাত ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদি শহিদুল ইসলামকে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। ফলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল গফুর জানান, এ ঘটনায় উত্তর বাহাগিলীর নামীয় ৫ জন ও অজ্ঞাত ৪০-৪৫ জনের নামে মামলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180847