মিথ্যা তথ্য নয়, সরকারের গঠন মূলক সমালোচনা করুন : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব-রুমন
স্টাফ রিপোর্টার : ‘সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী এক ‘দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা শুরু হয়েছে। গ্রাম উন্নয়ন কর্ম’র (গাক) আয়োজনে আজ শুক্রবার (২১ আগস্ট) বগুড়ার গাক টাওয়ারে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন। গাক’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শফি মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, সরকার চায় সাংবাদিকরা যেন সবসময় সঠিক চিত্র এবং প্রকৃত তথ্য তুলে ধরেন। তিনি গুরুত্বারোপ করেন যে, সাংবাদিকরা যেন কখনো মিথ্যা বা অপতথ্যকে প্রশ্রয় না দেন। পাশাপাশি সরকারের কাজের কোনো ত্রুটি থাকলে তার গঠনমূলক সমালোচনা করার অধিকার সাংবাদিকদের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এই প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁ জেলার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন বকুল এবং ঢাকা পোস্টের হেড অব নিউজ মিডিয়া আরিফুল ইসলাম আরমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180839