বগুড়ার সাগর হত্যা মামলার আসামি ঝিনাইদহ থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ার চাঞ্চল্যকর আতিকুর রহমান সাগর হত্যা মামলার আসামি মোঃ জাহিদ মন্ডল (১৯)কে গ্রেফতার করা হয়েছে। র্যাব সদস্যরা ঝিনাইদহ থেকে তাকে গ্রেফতার করে। সেখানে সে আত্মগোপন করে ছিল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় র্যাব-১২-বগুড়া এবং র্যাব-৬ ঝিনাইদহ এর একটি যৌথ টিম ঝিনাইদহ সদরের জোহান পার্ক এলাকায় অভিযান চালিয়ে বগুড়ার চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার ১০নং আসামি মোঃ জাহিদ মন্ডল (১৯)কে গ্রেফতার করে। ধৃত জাহিদ মন্ডল বগুড়া সদরের পাঁচবাড়িয়া এলাকার জিলহাজ মন্ডলের ছেলে।
পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ জুলাই বেলা ২টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা রামদা, লোহার রড, চাপাতি, ধারালো চাকু, এসএস পাইপ নিয়ে দলবদ্ধ হয়ে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে আতিকুর রহমান সাগরের পথরোধ করে।
এরপর আসামিরা তাকে এলোপাতারিভাবে মারপিট করে। এসময় তিনি প্রানের ভয়ে দৌড়ে পাশেই মোঃ জাহিদুল ইসলামের বাড়ির ভিতরে আঙ্গিনায় গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। কিন্তু সেখানেও আসামিরা সাগরকে ধারালো রামদা দিয়ে কোপায় এবং তাকে উপর্যুপরী ছুরিকাঘাত করে।
আসামিরা তাকে শুধু রামদা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করেই ক্ষান্ত হয়নি, তারা তাকে তাদের হাতে থাকা ইলেকট্রিক শকড লাইট দিয়ে তার পিঠে কয়েকবার শক দিয়ে চলে যায়। এরপর স্বজনরা সাগরকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরবর্তী সময়ে সদর থানায় এই হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180835