কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৫টি ভারতীয় মোবাইলসহ আটক ১
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় চোরাই ৫৫টি মোবাইল ফোনসহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম এনামুল হক অন্তর(২৬)।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে উত্তর তিলাইয়ের বিএসসি পাড়া এলাকার মো. ময়েন আলীর ছেলে এনামুল হক অন্তরের বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা ৫৫টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জব্দ করা ফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। এসব মোবাইলের আনুমানিক অবৈধ সিজার মূল্য ১৩ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অংশ নেয়।
সহকারী পুলিশ সুপার জানান, এ ঘটনায় আটক এনামুল হক অন্তরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180793