চিকিৎসায় অবহেলায় এক মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসায় অবহেলায় এক মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে দেওয়ার ঘটনায় এক নারীর মৃত্যুর পর তিনি এ কথা বলেন।
 
আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিহত কনিকা রানীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিকিৎসায় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্তে বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
তিনি বলেন, ‘আমাদের অবহেলার কারণে একজন মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না।’ এ সময় তিনি কনিকার পরিবারকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
কনিকা মণ্ডল (৩৫) গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন। পরে অসুস্থ হয়ে ৩ জুলাই ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। ৭ জুলাই পরীক্ষায় তার পেটে গজ পাওয়া যায়। অস্ত্রোপচার করে গজটি বের করা হলেও দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ঢাকার কল্যাণপুরের ওই হাসপাতালে তার মৃত্যু হয়।
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180783