গোবিন্দ-সুনীতার ডিভোর্সে নাটকীয় মোড়, মামলা প্রত্যাহার
বিনোদন ডেস্ক : দেড় বছর ধরে বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে কম আলোচনা হয়নি।
কখনো বিচ্ছেদের গুঞ্জন, কখনো একে অপরকে নিয়ে মন্তব্য- সব মিলিয়ে তারকা দম্পতির ব্যক্তিগত জীবন বারবার উঠে এসেছে সংবাদমাধ্যমের শিরোনামে। এবার সেই বিচ্ছেদ জল্পনায় নাটকীয় মোড় এসেছে।
বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন সুনীতা আহুজা।
বুধবার মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে গিয়ে সুনীতা তার দায়ের করা ডিভোর্স মামলা প্রত্যাহার করেন। এরপরই গোবিন্দ-সুনীতার সংসার ভাঙার জল্পনায় আপাতত ইতি পড়েছে।
বিষয়টি সামনে আসার পর গোবিন্দর টিমও জানিয়েছে, মামলা প্রত্যাহারের খবরটি স্বস্তির এবং আনন্দের।
২০২৪ সালে বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন সুনীতা। এরপর থেকেই গোবিন্দ ও তার স্ত্রীর দাম্পত্য কলহ নিয়ে নানা খবর প্রকাশিত হয়।
বিভিন্ন সময় স্বামীকে নিয়ে প্রকাশ্যে মন্তব্যও করেছেন সুনীতা। ফলে তাদের প্রায় সাড়ে তিন দশকের দাম্পত্য আদৌ টিকবে কি না, তা নিয়ে অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছিল নানা প্রশ্ন।
বুধবার সকালে হঠাৎ মুম্বাইয়ের পারিবারিক আদালতে দেখা যায় সুনীতাকে। আদালত থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের এড়িয়ে যান তিনি। ক্যামেরার সামনে কোনো কথা বলেননি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে যশবর্ধন। আদালতে আসার কারণ জানতে চাইলে যশবর্ধন শুধু ‘কিছু না’ বলে মাকে নিয়ে গাড়িতে উঠে যান।
সুনীতার এমন আচরণ দেখে অনেকেই ধারণা করেছিলেন, এবার হয়তো গোবিন্দ-সুনীতার বিচ্ছেদ চূড়ান্ত হতে চলেছে। কিন্তু পরে জানা যায়, উল্টো ডিভোর্সের পথ থেকে সরে এসেছেন সুনীতা। তিনি আদালতে গিয়ে মামলাটি প্রত্যাহার করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180773