রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরুর সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ও বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। তাঁদের চলাচল নির্বিঘ্ন রাখতে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ যানবাহনের ওপর কিছু বিধিনিষেধ থাকবে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহন এর আওতামুক্ত থাকবে।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তানমুখী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করতে বলা হয়েছে। প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউকমুখী বাণিজ্যিক যানবাহন চলাচলও বন্ধ থাকবে।
এ ছাড়া হানিফ ফ্লাইওভার থেকে আসা কোনো যানবাহন জিরো পয়েন্টে ইউটার্ন নিতে পারবে না। এসব যানকে বাঁ দিকে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যেতে হবে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল-শাপলা চত্বর হয়ে ইত্তেফাক রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, সাময়িক এই ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট এলাকায় যানজট বা চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তাই অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে নগরবাসীকে নির্দেশনা মেনে চলার এবং সম্ভব হলে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180766