নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের অধিকার আদায় ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ত্যাগ, সাহস ও সহনশীলতার কথাও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতা হিসেবে মির্জা ফখরুলের রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়া জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্বীকৃতি। তার নেতৃত্বে দেশে আইনের শাসন ও বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শেষে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180759