বগুড়ার চাঁদনীবাজার ও রেলঘুমটিতে সিটি কর্পোরেশনের অভিযান
শহর প্রতিনিধি : যানজট মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বগুড়া মহানগরের চাঁদনীবাজার, ৩ নম্বর রেল ঘুমটি ও চুড়িপট্টি গেটের সামনে সড়কের উপর অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে বগুড়া সিটি কর্পোরেশন। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বিকেল ৪টার পর চাঁদনীবাজার সড়কে অভিযান শুরু করেন বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন হাট-বাজার পরিদর্শক আব্দুল হাই এবং সিটি কর্পোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবক ও গার্ডবাহিনী।
অভিযানে চাঁদনীবাজার সড়কের ফুটপাত ও সড়কের যান চলাচল রোধ করে গড়ে ওঠা বিভিন্ন ফলদোকানীর ক্যারেটসহ ফল জব্দ করা হয়। এছাড়া সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা মোটরবাইকে মামলা ও জরিমানা করেন বগুড়া ট্রাফিক বিভাগের সাব-ইনসপেক্টর আজাদ। সড়কের দুই পাশের ফুটপাতের জায়গা দখল করে থাকা ভ্রাম্যমাণ দোকানের মালামালও জব্দ করা হয়। আনারস, মালটা, খেজুরের কার্টুন, কমলা কার্টুন, শরবতের গাড়ী, ডাব-নারিকেল, পানির ফিল্টার, ইস্পির প্যাকেট, কাঁচের গ্লাস, তরমুজ, দা-বটি, খাটিয়া সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
৩নম্বর রেলগেটের টি২৪(৩২৩/৯-৩২৪/০) সিগন্যাল পয়েন্টের দপ্তরের সামনে গড়ে উঠা ২টি ডাবের দোকান, দা-বটির দোকান, ভাজা-পোড়া খাবারের দোকান, মাটির তৈজসপত্রের দোকানসহ কয়েকটি হরেকমালের দোকান উচ্ছেদ করা হয়। সিগন্যাল পয়েন্টে কর্মরত রেলের কর্মচারিকে মৌখিকভাবে সতর্কও করেন সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম। রেলওয়ের আশেপাশে গড়ে উঠা এসব অস্থায়ী দোকনীকে আরও সতর্ক করে তিনি জানান পুন:রায় দোকান স্থাপন করলে আটক, জরিমানা ও প্রয়োজনে মামলা করা হবে।
অভিযান শেষে দৈনিক করতোয়াকে তিনি জানান, সিটি কর্পোরেশনের এই সড়কে নাগরিকদের নির্বিঘ্নে চলাচলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে। মৌখিক সতর্কতা ও নির্দেশনা না মানলে সিটি কর্পোরেশন পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবে। মহানগরের বাসিন্দাসহ সকল পথচারী,ব্যবসায়ী,জনপ্রতিনিধি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহানগরের যানজট নিরসনে সিটি কর্পোরেশন কাজ করছে এবং করবে। সিটি কর্পোরেশনে বসবাসরত নাগরিক ও ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলারও আহবান জানান তিনি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180749