বগুড়ায় আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী : ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে গড়ে তোলার প্রত্যাশা

বগুড়ায় আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী : ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে গড়ে তোলার প্রত্যাশা

স্টাফ রিপোর্টার : উত্তরবঙ্গের ১৬ জেলার শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী ও ক্রেতাদের জন্য বগুড়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী । বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মহানগরের করতোয়া কনভেনশন সেন্টারে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাংলাদেশ এক্সিবিশনস্ প্রাইভেট লিমিটেডের আয়োজনে ৭ম বারের মতো বগুড়ায় অনুষ্ঠিত ‘ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো’ এবং ‘ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো শনিবার পর্যন্ত চলবে ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম. এস. এম. আতিকুর রহমান বাদল। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া চেম্বারের পরিচালক শাহিনুল ইসলাম সবুজ, আয়োজক সংস্থার প্রধান এবং বাংলাদেশ এক্সিবিশনস্ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শাখাওয়াত হোসেন, খন্দকার মেজবাউল হক রন্টু, চিকস অ্যান্ড ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী এখলাসুল হক, কনফিডেন্স এক্সমি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল ফাইজ আজাদ এবং চীনের আনহুই জিয়েশুন অপটোইলেকট্রনিক্স টেকনোলজি কোম্পানি লিমিটেডের ওভারসিজ বিজনেস বিভাগের জেনারেল ম্যানেজার বেটি লি।

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া চেম্বারের সভাপতি এম. এস. এম. আতিকুর রহমান বাদল বলেন, বগুড়াকে উত্তরাঞ্চলের প্রধান শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। শুধু শারীরিক শ্রমের ওপর নির্ভর না করে কারিগরি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে হবে। তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের কারিগরি ও আইটি শিক্ষার প্রসার ঘটিয়ে দেশের বৃহৎ মানব শক্তিকে কাজে লাগাতে হবে। যার জন্য প্রয়োজনীয় প্রযুক্তির পাশাপাশি যথাযথ ট্রেনিং ব্যবস্থার প্রয়োজন। টেকসই ইন্ডাস্ট্রি গড়ে তুলতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। এই লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে চেম্বারের হল রুম বিনামূল্যে সেমিনারের জন্য উন্মুক্ত আছে । পাশাপাশি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

আতিকুর রহমান বাদল আরও জানান, স্থানীয় পণ্যকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে কার্গো সুবিধা, কম্পোজিট ও এগ্রো-বেসড ইন্ডাস্ট্রির ওপর সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে। এসব পণ্যের মাননিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে বিএসটিআই, অটোক্লেভ মেশিন এবং আইএসও সার্টিফেকশনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ সংক্রান্ত প্রস্তাবনা বিএসটিআই-এর মহাপরিচালক বরাবর জমা দেয়া হয়েছে। তিনি বগুড়াকে উত্তরাঞ্চলের মূল ‘ইন্ডাস্ট্রিয়াল হাব’ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজক সংস্থা ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো ও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো এর প্রতিনিধি মো. শাখাওয়াত হোসেন বলেন, আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হলো বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬টি জেলার শিল্প-কারখানার মালিক, শিল্প উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তাদের সঙ্গে শিল্পের প্রয়োজনীয় মূল মেশিনারি, শিল্প স্থাপনে সহায়ক মেশিনারি ও ইকুইপমেন্টের প্রস্তুতকারক এবং সরবরাহকারীদের সরাসরি সংযোগ স্থাপন করা। প্রদর্শনীতে ৫৫ টি স্টলে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, ভুটান, চীন ও মালয়েশিয়ার ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, একটি শিল্প প্রতিষ্ঠার জন্য শুধু পুঁজি নয় সঠিক প্রযুক্তি, সঠিক মেশিনারি, দক্ষতা এবং নির্ভরযোগ্য সরবরাহকারীর সঙ্গে সরাসরি যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা সেই যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। একটি আন্তর্জাতিক মানের মেলা কখনোই একক প্রচেষ্টায় আয়োজন করা সম্ভব নয়। এর পেছনে প্রয়োজন হয় অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও সমন্বয়।

প্রদর্শনীতে দেশি-বিদেশি ৮০টিরও বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। মেলায় রাইস, ফ্লাওয়ার, ডাল, অয়েল, জুট মিলস, পোল্ট্রি, ফিড, অটো ব্রিকস, টেক্সটাইল, ফার্নিচার, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক ও এলপিজি খাতের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজের পাশাপাশি বয়লার, জেনারেটর, কমপ্রেশার, ইলেকট্রিক অটোমেশন, মেডিকেল ইকুইপমেন্ট, ডাব্লিউটিপি, সোলার প্রযুক্তি ও ফায়ার সেফটি, চিকিৎসা সরঞ্জাম, পানি পরিশোধন প্রযুক্তি, সৌর প্রযুক্তি ও অগ্নিনিরাপত্তা সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180745