যশোরে পূর্বশত্রুতার জেরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যশোরে পূর্বশত্রুতার জেরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যশোরে আল-আমিন (২৮) নামে এক যুবককে দিনে দুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার বাসিন্দা ছিলেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আলামিনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আল-আমিন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে। থানা পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তবে স্থানীয়রা জানান, আল-আমিন এক সময় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সঙ্গে সংম্পৃক্ত ছিলেন। সম্প্রতি সেসব সেসব ছেড়ে দিয়েছিলেন। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয়রা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180737