পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৩ জন আহত
শরীয়তপুরের ডামুড্যা পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে পৌরসভার ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একটি বেপরোয়া কুকুর পথচারী, দোকানদার, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষকে তাড়া করে কামড়াতে থাকে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে অন্তত ১০ জনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই ডামুড্যা পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। কুকুরটি মানুষ দেখলেই তাড়া করত এবং সুযোগ পেলেই কামড়ে পালিয়ে যেত। তবে বৃহস্পতিবার সকাল থেকে এর আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। একের পর এক মানুষকে কামড়াতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
ঘটনার পর আহতদের দ্রুত ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহত ১০ জনকে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম সিদ্দিক বলেন, ‘কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনকে আমরা প্রয়োজনীয় ভ্যাকসিন ও স্বাস্থ্যসেবা দিয়েছি। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে।’
ডামুড্যা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দীন আইয়ুবী বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার থেকে কুকুরগুলোকে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করা হবে। কেউ কোনো কুকুর আটক করে উপজেলা প্রশাসনকে জানালে আমরা গিয়ে সেটিকে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করব।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180709