অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষবারের মতো দেখলেন দীপু মনি
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কড়া পুলিশি নিরাপত্তায় মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে তাকে ঢাকায় আনা হয়।
সকাল ৮.৩০ টার দিকে কলাবাগানের বাসায় পৌঁছে স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপু মনি। এ সময় পরিবারের সদস্যরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য দীপু মনির প্যারোল মঞ্জুর করা হয়। নির্ধারিত সময় শেষে তাকে কারাগারে ফিরে যেতে হবে।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, তৌফিক নেওয়াজের জানাজা গুলশান আজাদ মসজিদে এবং পরে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন দীপু মনি। দীর্ঘদিন ধরে তার স্বামী তৌফিক নেওয়াজ কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেও তিনি অনুমতি পাননি। আদালতে তাকে হাজির করা হলে স্বামী তৌফিক নেওয়াজ শয্যাশায়ী অবস্থায় স্ট্রেচারে করে তার সঙ্গে দেখা করতে যেতেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180667