পাবনার ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

পাবনার ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এর আগে তার প্রাইভেটকারে গুলি চালিয়ে পথরোধ করা হয়।

বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত শরিফকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম শরিফ প্রাইভেটকার চালিয়ে জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার প্রাইভেটকারের সামনে থেকে গুলি চালায়। এতে গাড়িটি থেমে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শরিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, দুর্বৃত্তদের হামলায় শরিফুল ইসলাম শরিফ গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং ও দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। সম্প্রতি উপজেলার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রত্যাশী ছিলেন শরিফুল ইসলাম শরিফ। তবে শেষ পর্যন্ত তাঁকে বাদ দিয়ে অন্য একজনকে সভাপতি মনোনীত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।

স্থানীয় সূত্রগুলো আরও জানায়, সভাপতি পদে মনোনয়ন না পাওয়ার পর শরিফুল ইসলাম শরিফ পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কত টাকায় সভাপতির পদ বেচলেন’—এমন মন্তব্য করে একটি স্ট্যাটাস দেন। এর আগে তিনি হাবিবের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সভাপতি পদকে কেন্দ্র করে বিরোধের পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর দূরত্ব প্রকাশ্যে আসে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

তবে শরিফের ওপর হামলার সঙ্গে কোনো রাজনৈতিক বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ভাষ্য, হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180664