অটোরিকশার ৭০ ব্যাটারি জব্দ, ২৫ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়েছে পুলিশ ও ডেসকো। অভিযানে ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৭০টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
মিরপুরের হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট থানা-পুলিশ ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ফোর্সের সদস্যরা অংশ নেন। এ সময় ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জে ব্যবহৃত ২৫টি অবৈধ সংযোগ শনাক্ত করে বিচ্ছিন্ন করা হয় এবং ৭০টি ব্যাটারি জব্দ করা হয়।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও বিদ্যুতের অবৈধ ব্যবহার বন্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180658