৮টি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা
আন্তর্জাতিক ডেস্ক : বাব এল-মান্দেব ও আশপাশের জলপথে সৌদি আরবের তেলবাহী ৮টি ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (১৯ আগস্ট) হুতিদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সাবা নিউজ।
হুতিদের দাবি, গত ২০ জুলাই থেকে সৌদির ৮টি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৫টি লোহিত সাগরে এবং ৩টি এডেন উপসাগর ও আরব সাগরে হামলার শিকার হয়েছে। এ ছাড়া সৌদির ৫০টির বেশি জাহাজকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলে বাধা এবং কিছু জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করার দাবিও করেছে তারা।
হুতিরা আরও দাবি করেছে, মোখা বন্দরে সৌদি আরব থেকে অস্ত্র বহনকারী দুটি সামরিক ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদির ১০টি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছে গোষ্ঠীটি। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।
এর আগে জুলাইয়ের শেষ দিকে লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালিতে সৌদির পণ্যবাহী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দেয় ইরান-সমর্থিত হুতি বাহিনী।
বাব এল-মান্দেব আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। লোহিত সাগরের অপর প্রান্তে রয়েছে মিসরের সুয়েজ খাল। হুতিদের অবরোধের পর সৌদি আরবের জাহাজগুলো সুয়েজ খাল ব্যবহার করে চলাচল করছে। এদিকে, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর সৌদি আরব বাব এল-মান্দেব হয়ে তেল রপ্তানি বাড়িয়েছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180657