রংপুরের কাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হত্যা মামলা

রংপুরের কাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হত্যা মামলা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অংশীদারী সম্পত্তি গোপনে কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশ মিয়া (২৭) মারা গেছেন। আজ বুধবার (১৯ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠায়। এ ব্যাপারে হারাগাছ থানায় একটি হত্যা মামলা রুজ হয়েছে। নিহত পলাশ মিয়া উপজেলার সারাই ইউনিয়নের আরাজি বিরচরণ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, পলাশদের অংশীদারী সম্পত্তির এক শতাংশ জমি চাচা জাফরের কাছ থেকে গোপনে কিনতে চায় এলাকার মোজাহার আলী। বিষয়টি জানতে পেরে গত সোমবার সন্ধ্যায় সাহেবগঞ্জ বাজারে মোজাহারকে জিজ্ঞাসা করে পলাশ। এতে ক্ষিপ্ত হয় মোজাহার। এনিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরে মোজাহার ও তার দুই ছেলে সাব্বির ও সজিবসহ আরো কয়েকজন যুবক লোহার রড, এসএসপাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে পলাশকে মারপিট করে। চিৎকারে ছেলেকে বাঁচাতে মা আকলিমা ও মেজো ভাই আশরাফুল এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে মোজাহার ও তার লোকজন। পরে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলজে হাসপাতালে আজ বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টায় মারা যায় পলাশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) অশোক চৌহান বলেন, আরপিএমপি সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) মো: অলিউর রহমান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নিহতের বড়ভাই বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাসাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180645