গাইবান্ধার পলাশবাড়ীতে পল্লীবিদ্যুৎ কর্মচারী ও এলাকাবাসীর সংঘর্ষ, আটক ২
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বাড়াইপাড়া পলিটেকনিক এলাকায় পল্লীবিদ্যুৎ কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে পল্লীবিদ্যুতের এজিএম তুহিন ও লাইনম্যান রবিউল আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আটকরা হলেন- বাড়াইপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে বোরহান (২৮) ও হামিদের ছেলে আপেল (২২)। পল্লীবিদ্যুতের এজিএম তুহিন বলেন, লাইন মেরামতের কাজ চলাকালে স্থানীয়দের সাথে কর্মচারীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনায় তিনি ও লাইনম্যান রবিউল আহত হন।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর পল্লীবিদ্যুৎ কর্মচারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ না করে উল্টো দুই এলাকাবাসীকে আটক করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
আটকের বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাশবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত মেয়র আল ইয়াসার রহমান তাপাদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়াইপাড়া পলিটেকনিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আটককৃত ব্যক্তিদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180632