নাটোরের বড়াইগ্রামে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০, মোটরসাইকেল ও দোকান ভাঙচুর

নাটোরের বড়াইগ্রামে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০, মোটরসাইকেল ও দোকান ভাঙচুর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের মধ্যে আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হোসেন আলী ফকির (৫৭), মমতাজ উদ্দিন শেখ (৫৬), মতিউর রহমান (৪৫), আক্তার হোসেন (৪৫), রবিউল (৪২), সোহেল (৫০), নাজমুল (৩৫), আসলাম (৬০), আমিনসহ (৪২) অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় হোসেন আলী ফকির, মমতাজ উদ্দিন শেখ ও মতিউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যান্যর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বিআরটিসিসহ ২টি বাস কাউন্টার, একটি চায়ের দোকান ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ ৭/৮ জন বসে চা পান করছিলেন।

এসময় ৩০/৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ও অন্তত ২০জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।ঘটনার পর বনপাড়া পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180629