রংপুরের গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ের অভিযোগে লিয়ন মিয়া নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। তিনি নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার মধ্য কচুয়া এলাকার মোকাররম হোসেনের মেয়ে মাহফুজা আক্তার রিয়া মনিকে বিয়ে করেন। লিয়নের দেওয়া পরিচয় বিশ্বাস করেই মেয়ের পরিবার বিয়েতে সম্মতি দেয়।

তবে বিয়ের পর তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে তার ব্যবহৃত পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিবেদকের হাতে আসা কথিত এনএসআই পরিচয়পত্রে নাম ব্যবহার করা হয়েছে ‘সম্রাট হোসাইন সামিম’।

এতে পদবি হিসেবে ‘জুনিয়র ফিল্ড অফিসার’ উল্লেখ রয়েছে। পরিচয়পত্রটিতে এনএসআইয়ের নাম ও প্রতীক ব্যবহার করা হয়েছে। তবে পুলিশের নথিতে তার প্রকৃত নাম লিয়ন মিয়া।

মামলার বাদি মোকাররম হোসেন অভিযোগ করে বলেন, লিয়ন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে তার মেয়েকে বিয়ে করেন। পরে তার পরিচয় নিয়ে সন্দেহ হলে খোঁজখবর করে প্রতারণার বিষয়টি জানতে পারেন তারা। এর আগেও লিয়নের একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে সন্তান রয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। মামলার পর লিয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180624