অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ষ্টেজ শো’তে ব্যস্ত রিজিয়া পারভীন
করতোয়া ডেস্ক ঃ রিজিয়া পারভীন বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। ১৯৯৫ সালে তিনি প্রথম স্টেজ শো’তে গান গাওয়ার জন্য প্রথম যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে প্রথম সম্মানী হিসেবে সেই সময় পাঁচশত ডলার পেয়েছিলেন। এরপর থেকে বলা যায় প্রায় প্রতি বছরই তিনি যুক্তরাষ্ট্রে শো করতে যান। কিছুদিন আগেও তিনি আবারো যুক্তরাষ্ট্রে গেলেন। গত ৯ আগস্ট নিউইয়র্কের ওজন পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে সঙ্গীতক পরিবেশন করেন রিজিয়া পারভীন।
তিনি জানান, আগামী ২৩ আগস্ট নিউইয়র্কেও কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য একটি আয়োজনে সঙ্গীত পরিবেশন করনে তিনি। তারসঙ্গে আরো গাইবেন কামরুজ্জামান বকুল, ত্রিনিয়া। অনুষ্ঠানে উপস্থাপনা করবেন নিউইর্কের সবচেয়ে ব্যস্ততম উপস্থাপিকা সোনিয়া। আগামী ২০ সেপ্টেম্বর মাওলানা ভাষানীকে নিয়ে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানেও গান গাইবেন রিজিয়া পারভীন। এছাড়াও আগামী মাসে এবং আগামী অক্টোবরে আরো ককেয়কটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন রিজিয়া পারভীন। বলা যায় আগামী অক্টোবর পর্যন্ত ভীষণ ব্যস্ত তিনি। এরইমধ্যে আগামী ২০ আগস্ট রিজিয়া পারভীনের জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে তাকে ঘিরে কয়েকটি ছোট অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে নিউইয়র্কে। এই প্রজন্মের শ্রোতা দর্শককে একজন রিজিয়া পারভীনকে সহজে চিনিয়ে দেবার জন্য তার কয়েকটি জনপ্রিয় গানের কথা বিশেষ করে উল্লেখ করা যেতে পারে। যেমন ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’,‘ প্রেমের নামে মিথ্যে বলো না’,‘ সবার জীবনে প্রেম আসে’,‘ আকাশেতে লক্ষ তারা’, ‘তুমি সখা আমার বন্ধু লাগো’ ইত্যাদি।
রিজিয়া পারভীন বলেন,‘ ত্রিশ বছরেরও বেশি সময ধরে যুক্তরাষ্ট্রে বিশেষত নিউইয়র্কে আমার আসা যাওয়া। যখনই এখানে আসি বেশ কিছু অনুষ্ঠানে গান গাওয়ারও সুযোগ হয়। চেষ্টা করি গানে গানে নিজের দেশকে, নিজের ভাষাকে তুলে ধরতে। এবার যেহেতু জন্মদিনের সময়টা এখানেই আছি। তাই আমার জন্মদিনকে ঘিরেও কিছু একটা আয়োজন করা হচ্ছে। আমি সবসময়ই কৃতজ্ঞ আমার গানের ভক্ত শ্রোতাদের প্রতি। তাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আজও গানের ভুবনে নির্বিঘ্নে পথ চলছি। সবার দোয়া চাই।’
রিজিয়া পারভীনের বাবা আব্দুল হাসিদ, তিনি মারা যান ১৯৮৫ সালে, তার মা রুমা হাসিদ, তিনি মারা যান ১৯৯৭ সালে। তার বেস্ট ফ্রেণ্ড ন্যানসি, জেসমিন, শিরীন, চায়না’র সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। আগামী ৫ নভেম্বর রিজিয়া পারভীন দেশে ফিরবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180623