বগুড়ায় ভাড়া নিয়ে বিড়ম্বনায় ভুগতে পারে পিংকবাস সার্ভিস
স্টাফ রিপোর্টার: ভাড়া নির্ধারণ বিড়ম্বনায় ভুগতে পারে বগুড়ায় চালু করা নারীদের জন্য বিআরটিসি‘র স্পেশাল বাস সার্ভিস। নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে সরকার গতকাল মঙ্গলবার থেকে বগুড়ায় এই সার্ভিস চালু করেছে। তবে বিআরটিসি বগুড়া কর্তৃপক্ষ বলছে ভাড়া যাতে সহনীয় হয় সেজন্য উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে।
গতকাল মঙ্গলবার থেকে বগুড়ায় চালু হয়েছে গোলাপী রঙ এর বাস সার্ভিস। উদ্বোধনের পর গতকাল ছিলো সার্ভিসের আনুষ্ঠানিক প্রথম দিন। প্রথম দিন তেমন সাড়া না মিললেও কর্তৃপক্ষ আশা করছেন বগুড়াবাসীর সাথে কথা বলে প্রয়োজনীয় রুট বৃদ্ধি এবং সময় সূচি পরিবর্তন হতে পারে।
এই সার্ভিস চালু হওয়ার পর থেকেই যে জিনিসটা সামনে আসে তা হলো বাসের ভাড়া বেশি। বগুড়ার সাতমাথা থেকে শেরপুর পর্যন্ত করতোয়া গেটলকে ভাড়া ৩০ টাকা আর নারীদের বাসে ভাড়া ৫৬ টাকা। এভাবে সড়ক পরিবহন আইন ১৮ এর ধারা ৩৪ এর ২ প্রদত্ত ক্ষমতাবলে নন এসি বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
গাড়িগুলো ডিজেল চালিত হওয়ায় এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। এভাবে ভাড়া নির্ধারণ করায় ভাড়া জটিলতায় ভুগতে হচ্ছে কর্তৃপক্ষকে। এদিকে কয়েকজন নারী যাত্রীর সাথে কথা বলে জানা গেছে তারা কম দূরত্বের স্থানের জন্য এই বাসটি পছন্দ করছেন। কিন্তু বেশি দূরত্ব হলে তাদের জন্য লাভজনক হচ্ছে না।
এক যাত্রী জানান, তিনি নিয়মিত শেরপুর থেকে বগুড়ায় আসেন। করতোয়া গেটলকে ভ্রমণ করলে ৩০ টাকা, বিআর টিসিতে আসলে ৫৬ টাকা, নগরবাড়ি কিংবা সিরাজগঞ্জের গাড়ি ২০ টাকা, গোসাইবাড়ির গাড়িতে যাতায়াত করলে কখনো ২০ টাকা আবার কখনো ২৫ টাকা ভাড়া দেন তিনি।
সে ক্ষেত্রে ৫৬ টাকা অনেক বেশি। তাছাড়া বাসটি লোকাল হওয়ায় শেরপুর থেকে সাতমাথায় আসতে সময় লাগছে অন্যান্য গাড়ির চেয়ে বেশি। পরিচয় গোপন রাখতে আগ্রহী এই যাত্রী ভাড়া কমানোর জন্য বিআরটিসি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
বিআরটিসি বগুড়া ডিপো ম্যানেজার (অপারেশন) মো. শাহিনুল ইসলাম জানান, বাসের ভাড়া নিয়ে বিভিন্ন জনের কাছ থেকে তাকে বিভিন্ন কথা শুনতে হচ্ছে। আসলে সরকার নির্ধারিত ভাড়ার থেকে কম নেওয়ার কোন এখতিয়ার তাদের নাই। তার পরও তিনি বিষয়টি নিয়ে বিআরটিসি‘র পরিচালক এবং বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সাথে কথা বলবেন।
তিনি বলেন বগুড়া থেকে শেরপুরের ভাড়া ৪০ টাকা এবং নূন্যতম ভাড়া ১০ টাকা করার চিন্তা ভাবনা করছেন তারা। এছাড়াও এই বাসে যাতে কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে পারে সে দিকটা মাথায় রেখে সময় পরিবর্তন হতে পারে এবং স্টপেজ আরও বাড়বে, যাতে বেশি নারী সুবিধা পায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180619