দর্শকের ভালোবাসায় সিক্ত মিলি বাশার

দর্শকের ভালোবাসায় সিক্ত মিলি বাশার

অভি মঈনুদ্দীন ঃ বিগত বেশ কয়েক বছর ধরে মা চরিত্রে অভিনয় করে যিনি দর্শকের ভালোবাসায় অবিরত সিক্ত হয়ে যাচ্ছেন তিনি নন্দিত জনপ্রিয় অভিনেত্রী মিলি বাসার। একটা সময় ছিলো যখন দর্শক জাহানারা আহমেদ, মীরানা জামান, দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুরের মাঝে তাদের নিজেদের মায়েদের ছায়া খুঁজে বেড়াতেন। এখন তারা আগের মতো মা চরিত্রে নিয়মিত অভিনয় না করলেও পরবর্তীতে যারা মা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন মিলি বাশার।

দেখা যায় তার অভিনীত প্রতিটি নাটকেই তিনি ভীষণ সাদা সিদে এবং একজন সহজ সরল মা। যে মায়ের ছায়াতলে দর্শক সত্যিকার অর্থেই নিজেদের মাকে খুঁজে বেড়ান। মিলি বাশার সাধারনত একক নাটকেই বেশি অভিনয় করেন। কিন্তু তারপরও তিনি কিছু ধারাবাহিক নাটকেও অভিনয় করেন। যেমন এই মুহুর্তে তার অভিনীত ‘কাজিনস’,‘ মিডল ক্লাশ ফ্যামিলি’,‘ কিচেন পলিটিক্স’ ধারাবাহিকে অভিনয় করছেন।

তবে এই সময়ে যেসব নির্মাতাদের পরিচালনায় একক নাটকে খুব বেশি অভিনয় করছেন তারা হচ্ছেন চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, সাগর জাহান, মহিদুল মহিম, রাফাত মজমুদার রিংকু, ইমরাউল রাফাত, রুবেল হাসান, সেরনিয়াবাতা শাওন, মহিন খান, মারুফ হোসেন সজীব, রাইসুল তমাল, রুবেল আনুশ, জাকারিয়া শৌখিন’সহ আরো বেশ কয়েকজন নির্মাতা। মিলি বাশার বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। যেমন : রূপসা নদীর বাঁকে, কালবেলা, যদি একদিন, দামাল, পরাণ, খাঁচার ভিতর অচীন পাখি, দাগী, যাও পাখি বলো তারে, শ্রাবন জোছনায়, লিডার আমিই বাংলাদেশ। ঢাকা থিয়েটার’র হয়ে ‘শকুন্তলা’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে মঞ্চ নাটকে মিলি বাশারের অভিনয় জীবন শুরু হয়। এই নাটকে অভিনয় করাকালীন সময়েই তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেন। পরে ইরাকে বাবার কাছে চলে যান। গত ১৭ আগস্ট ছিলো মিলি বাশারের জন্মদিন। নাটকে অভিনয় এবং এবারের জন্মদিন প্রসঙ্গে মিলি বাশার বলেন, ‘ আমি যেসব নাটকে অভিনয় করি, প্রত্যেক নাটকেই আমার চরিত্রে অভিনয় করে আমি ভীষণ তৃপ্ত থাকি। কারণ প্রতিটি নাটকেই আমার চরিত্রের বেশ গুরুত্ব থাকে। প্রত্যেক পরিচালক আমাকে যে ভাবনা থেকে কাস্ট করেন এবং তার সেই ভাবনার প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। মা চরিত্রেই আমি বেশি অভিনয় করি এবং প্রতিটি নাটক প্রচারে আসার পর যে সাড়া পাই তাতে সত্যিই আমি মাঝে মাঝে ভীষণ বিস্মিত হই। বাংলাদেশের নাটক দেশে বিদেশে এতো দর্শক দেখেন তা অভিনয় না করলে হয়তো জানা হতো না। যখন যেখানে গিয়ে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা সত্যিই অতুলনীয়। আর এবারের জন্মদিনে সবার ভালোবাসায় সিক্ত আমি। মানুষের ভালোবাসার বিকল্প আসলে কিছু হয় না। এই ভালোবাসা অকৃত্রিম।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180615