'পুরোনো এক আলমারি'তে দিলারা জামানের সঙ্গে মৌ

'পুরোনো এক আলমারি'তে দিলারা জামানের সঙ্গে মৌ

বিনোদন রিপোর্টার : বাংলাদেশের অভিনয় অঙ্গনের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। আশিরও বেশি বয়স তার। কিন্তু এই বয়সেও তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন। এবার তিনি ভিন্ন ধরনের এক গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম 'পুরোনো এক আলমারি'।

এই নাটকে এই সময়ের নন্দিত অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌয়ের শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান। মূলত নাটকের গল্পে দেখা যাবে, দিলারা জামানের একটা পুরোনো আলমারি আছে। এই আলমারিটাকে নিয়ে দিলারা জামানকে ঘিরেই নাটকের মূল গল্প। নাটকের গল্প মাতিয়া বানু শুকুর। নির্মাণ করেছেন মাঈন হাসান। ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আছেন সোমেশ্বর অলি। 

দিলারা জামান বলেন, 'এই সময়ে এসে আসলে অনেক ভালো ভালো গল্পের নাটকে কাজ করার সুযোগ হচ্ছে। একটা নাটকের চেয়ে আরেকটা নাটকের গল্প সুন্দর। যথারীতি পুরোনো এক আলমারি নাটকটারও গল্প খুব সুন্দর। বলা যায় অনেকদিন পর আমার মনের মতো গল্পের একটি নাটকে কাজ করছি। ধন্যবাদ মাতিয়া বানু শুকুকে এতো চমৎকার একটা গল্প রচনা করার জন্য। আর মৌ এর আগেও আমার সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছে। খুব লক্ষ্মী একটি মেয়ে। বেশ নিখুঁত অভিনয় করে।'
 
মৌ বলেন, 'শ্রদ্ধেয় দিলার জামান আন্টির সঙ্গে ঠিক কোন নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছি তা মনে নেই, তবে তারসঙ্গে বহু নাটকে কাজ করার সুযোগ হয়েছে আমার। তিনি তো আসলে আমাদের সত্যিকার অর্থেও কিংবদন্তী একজন অভিনেত্রী। তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। প্রতিনিয়তই তার কাছ থেকে শিখি। সবচেয়ে বড় কথা তিনি তার নিজেকে যত্ন করতে জানেন বলেই এখনো তিনি প্রাণবস্তু, সুস্থ, সুন্দর। এখনো তিনি অভিনয়ে নিয়মিত। পুরোনো এক আলমারিতে অভিনয় করে ভালোলাগছে, তার একটাই কারণ এতে দিলারা জামান আন্টি আছেন, যার সঙ্গে কাজ করতে সবসময়ই ভীষণ ভালোলাগে।' শিগগরিই নাটকটি প্রচারে আসবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180530