গ্রামবাসীর অর্থায়নে তৈরি হচ্ছে ৮২ হাত লম্বা নৌকা ‘চাঁন্দাই জনতা এক্সপ্রেস’
পাবনা প্রতিনিধি : গ্রাম বাংলার মানুষের কাছে নৌকাবাইচ কেবল একটি খেলা নয়, এটি তাদের ইতিহাস, ঐতিহ্য, আবেগ ও গৌরবের প্রতীক। বিল নদী বেষ্টিত পাবনা জেলার মানুষের কাছেও নৌকাবাইচ একটা ঐতিহ্য ও ভালবাসার উৎসবের নাম।
সেই দীর্ঘদিনের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে একটি গ্রামের প্রতিটি পরিবারের স্বেচ্ছায় আর্থিক সহযোগিতায় তৈরি করা হচ্ছে ৮২ হাত দৈর্ঘ্যের বিশাল আকৃতির নতুন বাইচের নৌকা ‘চান্দাই জনতা এক্সপ্রেস’। মূলত নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এই নৌকা বানানো হচ্ছে।
পাবনার আটঘরিয়া উপজেলার চান্দাই গ্রামে নির্মিত হচ্ছে নৌকাটি। প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন নৌকাটির কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সরেজমিনে চাঁন্দাই গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের খোলা একটি স্থানে বিশাল কাঠামো নিয়ে এগিয়ে চলছে নৌকা তৈরির কাজ। রোদ বৃষ্টি থেকে বাঁচতে মাথার ওপরে টানানো হয়েছে ছামিয়ানা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল দক্ষ কারিগর শাল, গর্জন, সেগুন ও চাপালিশ কাঠ কাটা, আগুনের তাপে বাঁকানো, কাঠের অংশগুলো নিখুঁতভাবে জোড়া লাগানো এবং নৌকার কাঠামো তৈরিতে ব্যস্ত রয়েছেন। প্রতিটি ধাপেই রাখা হচ্ছে বিশেষ যত্ন, যাতে নৌকাটি একই সাথে গতিশীল, ভারসাম্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী হয়।
নৌকা নির্মাণে ব্যবহৃত সব কাঠ গাজীপুর থেকে সংগ্রহ করা হয়েছে। নৌকার স্থায়িত্ব নিশ্চিত করতে লোহার পেরেক, বোল্ট, বিশেষ আঠা ও জলরোধী প্রলেপ ব্যবহার করা হচ্ছে। কারিগরদের মতে, বড় আকারের বাইচের নৌকা তৈরিতে কাঠের মান, ভারসাম্য এবং কারিগরি দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য ত্রুটিও প্রতিযোগিতায় নৌকার গতি ও নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে।
নৌকা নির্মাণে নিয়োজিত প্রধান কারিগর সুকুমার চন্দ্র সূত্রধর বলেন, তার বাবা প্রায় ৮০ বছর ধরে এই পেশায় ছিলেন। বাবার কাছ থেকেই তিনি নৌকা তৈরির কাজ শিখেছেন। এ পর্যন্ত প্রায় ১৫০টি বাইচের নৌকা নির্মাণ করেছেন। চলতি বছরে ছয়টি নৌকার কাজ শেষ করে এখন চান্দাই গ্রামের ‘চান্দ্রাই জনতা এক্সপ্রেস’ তৈরি করছেন। নৌকাটি ৮২ হাত লম্বা হবে। দুই প্রান্তে ১৫ হাত করে গোলা এবং মাঝের অংশ হবে ৬৭ হাত।
প্রতিটি কাঠ অত্যন্ত যত্নের সাথে বসানো হচ্ছে। শ্রমিকদের এক মাসের মজুরি প্রায় আড়াই লাখ টাকা। নৌকা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল মান্নান বলেন, চান্দাই গ্রামের নৌকাবাইচের ইতিহাস অনেক পুরোনো। এই নৌকা শুধু একটি প্রতিযোগিতার বাহন নয়, এটি আমাদের গ্রামের ঐক্য, সংস্কৃতি ও গৌরবের প্রতীক। গ্রামের প্রতিটি পরিবারের স্বেচ্ছা অনুদানে চান্দাই জনতা এক্সপ্রেস নির্মাণ করা হচ্ছে।
নির্মাণকাজ শেষ হলে চান্দাই জনতা এক্সপ্রেস পানিতে নামিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক বাইচ অনুষ্ঠিত হবে। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেবে নৌকাটি।
এলাকাবাসীর প্রত্যাশা, অতীতের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নতুন এই নৌকা আবারও বিজয়ের পাল তুলে পাবনার আটঘরিয়ার নাম দেশব্যাপী আরও উজ্জ্বল করবে।