কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক দু’টি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারিরা পালিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী এবং বিকেল ৪টা ২৫ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন উত্তর বিদ্যাবাগীস এলাকায় পৃথক দু’টি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এসময় চোরাকারবারিরা সাথে থাকা মাদকদ্রব্য ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১শ’ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180504