সিরাজগঞ্জে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ দু’জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন। এ ঘটনায় যাবজ্জীবনপ্রাপ্ত আরেক আসামি নিহত সুজনের স্ত্রী পলাতক রয়েছে।
সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ এ তথ্যটি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে ও নিহতের স্ত্রী উম্মে জামিলা তিথি, শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির (৩৬)।
এই মামলায় দু’জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তারা হলেন, পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের পারভেজের ছেলে মো. পিয়াস হোসেন (৩৪) ও শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম রাশেদ (৪২)।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২ জুন সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে পরকিয়ার জের ধরে নিজ ঘরে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে স্ত্রী তিথি পালিয়ে যায়। পরে নিহতের মা মাজেদা খাতুন বাদি হয়ে দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ মঙ্গলবার (১৮ আগস্ট) মামলার রায় ঘোষণা প্রদান করেন। আদালতের এ রায়কে ঘিরে সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারের সদস্যরা এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন ও আদালত চত্বরে বিক্ষোভ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180503