নওগাঁয় মসজিদের ভেতরে কুপিয়ে জখম, হাসপাতালে মারা গেলেন মামুন

নওগাঁয় মসজিদের ভেতরে কুপিয়ে জখম, হাসপাতালে মারা গেলেন মামুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় মসজিদের ভেতরে ঢুকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা মামুনুর রশিদ মামুন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মামুনুর রশিদ মামুন উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মকছেদ আলী ওরফে কটার ছেলে। গত ১৫ আগস্ট ভোরে ফজরের নামাজের সময় শামুকখোল গ্রামের একটি মসজিদে তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে তার আপন শ্যালক ইসমাইল হোসেনের বিরুদ্ধে।

এলাকাবাসী গুরুতর আহত মামুনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামুনের স্ত্রী নেহেরা খাতুন বাদি হয়ে তার ভাই ইসমাইল হোসেনের বিরুদ্ধে মান্দা থানায় হত্যাচেষ্টার মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ইসমাইল হোসেন পলাতক রয়েছেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মসজিদের ভেতরে ঢুকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।

আহত ব্যক্তি মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180501