প্যারোলে মুক্তি, মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার প্রধান আসামি শাকিল

প্যারোলে মুক্তি, মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার প্রধান আসামি শাকিল

আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি মো. শাকিল মায়ের মৃত্যুর পর শেষবারের মতো তাকে দেখতে ও জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন। 

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) আসরের নামাজ পড়ে পটুয়াখালী শহরের করভবন জামে মসজিদের সামনে তার মা সাহিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাকে আবার যশোর কারাগারে নিয়ে যাওয়া হয়। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার মাগরিবের সময় মারা যান সাহিদা বেগম। তার মৃত্যুর খবর পেয়ে মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য শাকিলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার জানাজার সময় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। মায়ের শেষ বিদায়ের মুহূর্তে শাকিলকে কাছে পেয়ে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

সাহিদা বেগমের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে। শাকিল তাদের মধ্যে ছোট ছেলে। মায়ের মৃত্যুর পর পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজনদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

শাকিলের বড় ভাই মো. শাহিন বলেন, ‘আমার ভাই ষড়যন্ত্রের শিকার। মামলায় যারা জড়িত ছিলেন, তাদের অনেকেই জামিন পেয়েছেন। কিন্তু আমার ভাইকে জামিন দেওয়া হয়নি। আমরা বিএনপি পরিবারের হওয়ায় বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছি।

তিনি আরও বলেন, ‘আজ আমার মা বেঁচে নেই। শেষবারের মতো মাকে দেখতে আমার ছোট ভাই এসেছে। মায়ের জানাজায় ছেলেকে পাশে পাওয়াটা আমাদের পরিবারের জন্য খুব আবেগের বিষয়।’

উল্লেখ্য যে, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে অবরোধ চলাকালে পথচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ওই ঘটনায় করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180475