বগুড়ার ধুনটে অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে দিনমজুর নিহত
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় যাত্রীবোঝাই ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখেী সংঘর্ষে আলমগীর হোসেন (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে ধুনট-মথুরাপুর পাকা সড়কের নসরৎপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রমজান আলী আকন্দের ছেলে। সে পেশায় একজন দিনমজুর।
থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে দিনমজুর আলমগীর হোসেন বাড়ি থেকে বের হয়ে ব্যাটারী চালিত একটি অটোভ্যানে চড়ে ধুনট শহরের দিকে রওনা হন। পথিমধ্যে ধুনট-মথুরাপুর পাকা সড়কের নসরৎপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌছেন।
এসময় সামনের দিক থেকে আসা যাত্রীবোঝাই দ্রুতগতীর অন্য একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। তখন অটোভ্যানটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে আহত হন আলমগীর হোসেন। তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে ধুনট থেকে বগুড়া যাওয়ার পথে বিকেল সাড়ে ৩টায় আলমগীর হোসেন মারা যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। আইনী প্রক্রিয়া শেষে আলমগীর হোসেনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180448