ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ আহ্বান ট্রাম্পের

ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে করা সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হয়েছে। এর মেয়াদ আর বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বরং ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ৬০ দিনের আলোচনার সময়সীমা শেষ হলেও দুই দেশের মধ্যে কোনো পূর্ণাঙ্গ চুক্তি হয়নি। ইরান আলোচনায় আগ্রহী হলেও যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি চায়, তেহরান তাতে রাজি নয় বলে দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এ ছাড়া হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, নৌ অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রণালিটি নিয়ন্ত্রণ করছে। ইরান ‘বড় সমস্যার মধ্যে’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
 
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মার্কিন দূত জ্যারেড কুশনারও বলেছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়,প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট অবস্থানে রয়েছেন। 

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে একটি ন্যায্য ও উভয় পক্ষের জন্য লাভজনক চুক্তিতে পৌঁছাতে প্রেসিডেন্ট ট্রাম্প আগ্রহী। তবে এ ধরনের চুক্তির আগে তেহরানকে কিছু মৌলিক শর্ত মেনে চলতে হবে।

কুশনারের ভাষ্য অনুযায়ী, চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা তৈরি করে এমন কর্মসূচির পথ থেকে সরে আসতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
 

সূত্র: আলজাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180413