বগুড়ার আদমদীঘিতে শয়নকক্ষে ঢুকে নারীকে মারধরের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে শয়নকক্ষে ঢুকে নারীকে মারধরের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শয়নকক্ষে ঢুকে ফাতেমা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। আহত গৃহবধূকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফাতেমা বেগম ওই গ্রামের হামিদুল ইসলাম শেখের স্ত্রী।

এ ঘটনায় হামিদুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের রবিউল ফকির, শাহিনুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কেশরতা গ্রামের হামিদুল ইসলাম শেখ ও রবিউল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে খাবার শেষে ফাতেমা বেগম ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন দরজায় লাথি মেরে ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে তারা ফাতেমা বেগমের পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা এবং মারধর করেন। এ সময় ঘরে থাকা মালামাল লুটপাটেরও অভিযোগ করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180412