কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ৪০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকাসহ মমিনুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মমিনুল ওই গ্রামের মৃত আব্দুল জলিল ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মহিষমুড়ি গ্রামে অভিযান চালায়। রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক বিক্রির সময় মমিনুল ইসলামকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মমিনুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে ইয়াবাগুলোর ওজন প্রায় ৪ গ্রাম। এছাড়া তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মুঠোফোন, একটি বাটন ফোন এবং মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় মমিনুল ইসলামসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক আসামিকে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180411