কাতার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও জ্বালানি সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (১৭ আগস্ট) রাতে তিনি দোহার উদ্দেশে ঢাকা ছাড়বেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দিনের সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি ও জ্বালানি সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।
বিশেষ করে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি, বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং দেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করবেন দুই দেশের মন্ত্রীরা।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দোহা যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
সফর শেষে আগামী ২০ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180387