বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

বিনোদন ডেস্ক : নিজের বিয়ে নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গুঞ্জন ও বিভ্রান্তিকর খবরের বিষয়ে এবার সরাসরি অবস্থান জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী। তিনি স্পষ্ট করে বলেছেন, এখনো তার বিয়ে হয়নি। বিয়ে হলে বিষয়টি সবার আগে গণমাধ্যম ও ভক্তদের জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পূজা চেরী এসব কথা জানান।

অভিনেত্রী বলেন, গত কয়েকদিন ধরে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা তাকে বিব্রত ও দুঃখিত করছে।

পূজা জানান, এর আগেও এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই আনন্দের সঙ্গে সবাইকে বিষয়টি জানাবেন।

বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে সাম্প্রতিক সময়ে ক্যামেরার সামনে তুলনামূলক কম দেখা যাচ্ছে বলে জানান তিনি।

তবে তথ্য যাচাই না করে তাকে নিয়ে বারবার অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন পূজা। তিনি সতর্ক করে বলেন, তার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার করেন, তাহলে নিজের আইনি অধিকার রক্ষায় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকারের কথা উল্লেখ করে পূজা বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যমে কোনো ব্যক্তিকে নিয়ে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশের বিষয়ে সতর্ক করেন।

গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান জানিয়ে পূজা বলেন, তিনি সবসময় দর্শকদের ভালোবাসা এবং গণমাধ্যমের সহযোগিতাকে মূল্য দেন। একই সঙ্গে যাচাই করা ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ এবং অসত্য সংবাদ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180385