দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন নেতৃত্বে পুনর্গঠিত হলো দুর্নীতিবিরোধী এই সংস্থাটি।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর বিধান অনুযায়ী চেয়ারম্যান ও দুই কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী, দুদকের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমপরিমাণ বেতন, ভাতা, মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আর দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারপতির সমপরিমাণ বেতন-ভাতা, মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এর আগে চলতি বছরের ৩ মার্চ তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে কমিশনবিহীন অবস্থায় ছিল দুর্নীতি দমন কমিশন।
নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের নিয়োগের ফলে দীর্ঘ কয়েক মাস পর আবারও পূর্ণাঙ্গ কমিশন পেল দুদক। এতে সংস্থাটির নিয়মিত কার্যক্রম, বিশেষ করে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, তদন্ত ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নতুন করে গতি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180380