নীলফামারীর ডিমলায় সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

নীলফামারীর ডিমলায় সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীসহ আপন খালা-ভাগ্নির মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকার আবুল হোসেনের মেয়ে ফারজানা আক্তার পাখি (১১) এবং নাউতারা নিজপাড়া গ্রামের মো. সেলিম হোসেনের মেয়ে সিনহা আক্তার (৪)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে পাখি ও সিনহাসহ তিন শিশু তুহিন বাজার সংলগ্ন তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নামে। একপর্যায়ে পাখি ও সিনহা পানিতে তলিয়ে যায়। অপর শিশুটি কোনোভাবে পানি থেকে উঠে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্যানেলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশির পর পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ডিমলা থানার অফিস মো. শওকত আলী সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180375