দিনাজপুরের ঘোড়াঘাটে ১ হাজার ১৩৭ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে ১ হাজার ১৩৭ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর চরে নৌকার ওপর অভিযান চালিয়ে ১ হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া গ্রামের করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাকিল মিয়া (২০)। থানা সূত্রে জানা যায়, মাদক নির্মূল কমিটি কুলানন্দপুরের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে অভিযান চালায়।

এসময় নৌকার ওপর থাকা রফিকুল ইসলাম ও শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে গোপালী রঙয়ের মোট ১ হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১শ’ টাকা।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180370