অশীতিপর বৃদ্ধা জহুরার পাশে এমপি সেলিম রেজা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জরাজীর্ণ একটি ছাপড়া ঘর। সেই ছাপড়ার টিনের ফুটো দিয়ে পড়ে বৃষ্টির জল। পলিথিন দিয়ে পুরো ঘরটি ঢেকে দেয়া হলেও ভারী বৃষ্টিতে রক্ষা হয় না। ঘরের মধ্যে আসবাবপত্র বলতে একটি চৌকি। আর তাতে খড়কুটো বিছিয়ে তার উপরে একটি কাঁথা বিছিয়ে বাস করেন অশীতিপর এক বৃদ্ধা।
এই বর্ষায় বৃষ্টি শুরু হলেই ঘরে পড়ে জল, তাতে ভিজে চুপসে যান তিনি। এমনি পরিবেশে বছরের পর বছর বাস করছেন কাজিপুরের চরাঞ্চলে নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা গ্রামের জহুরা খাতুন।
দীর্ঘদিন যাবৎ অসুস্থ ও প্যারালাইসিস রোগে আক্রান্ত তিনি। স্বামী আফসার আলী মারা গেছে দেড়যুগ পূর্বে। ভূমিহীন জহুরা খাতুনের দুই ছেলে আর এক মেয়ে। বড় ছেলে ঢাকার পোশাক কারখানায় কাজ করেন আর ছোটটি বুদ্ধি প্রতিবন্ধী। মেয়ের বিয়ে হয়ে গেছে। এমতাবস্থায় বৃদ্ধা জহুরার পেটের ভাত কষ্টে জুটলেও নেই সঠিক চিকিৎসা আর থাকার ঘর।
এ বিষয়ে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ পেলে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার নজরে আসে। এরপর সোমবার দুপুরে তিনি ছুটে যান জহুরা খাতুনের বাড়িতে। তিনি ওই মহিলার ঘর করার জন্য দুই লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। একইসাথে তিনি কিছু আর্থিক সহায়তাও প্রদান করেন।
সংসদ সদস্য সেলিম রেজা বলেন, সাংবাদিকের খবরে বিষয়টি জানতে পেরে সোমবার জহুরার বাড়িতে যাই। আপাতত টিনের ব্যবস্থা করে দিলাম যাতে বৃষ্টিতে ঘরে পানি না পড়ে। এরপর ঘর করার জন্য দুই লাখ টাকা দেবো। আর ওই পরিবারের ভোরণ পোষণের দায়িত্ব আমি নিয়েছি। আজকেই পুরো মাসের চাল-ডাল দেয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180362