বগুড়ায় সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্টের ১০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মফিজ পাগলা মোড়স্থ সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসন বগুড়া এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরোটা তৈরির ময়দার ডো সংরক্ষণ, পোড়া তেলে পরোটা, পুরি ও মোগলাই প্রস্তুত, প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় সংরক্ষণ, রান্নাঘরে তেলাপোকার অস্তিত্ব এবং ফ্রিজে পঁচা-বাসি খাবার সংরক্ষণ করতে দেখা যায়।
এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি টিম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180356