চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ, শতাধিক পাখির মৃত্যু

চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ, শতাধিক পাখির মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের দক্ষিণপাড়ায় ঘাসের জমিতে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় শতাধিক দেশীয় পাখি মারা গেছে।

গতকাল রবিবার (১৬ আগস্ট) রাতে জমির মালিকের ছেলেকে এ ঘটনায় ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে দক্ষিণপাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে ক্ষতিকারক পোকামাকড় দমনে বিষ প্রয়োগ করেন। পরে বিষাক্ত ধান ও পোকামাকড় খেয়ে সেদিন রাত থেকে পরদিন রবিবার দিনভর বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি মারা যেতে থাকে।

বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আলম। এ সময় জমির মালিকের ছেলে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন।

পরে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনকে ৫০০ টাকা জরিমানাসহ ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, “ফসল রক্ষায় কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের অবশ্যই সতর্ক হতে হবে। কীটনাশকের কারণে পাখিসহ পরিবেশের ক্ষতি হয় এমনভাবে বিষ প্রয়োগ করা যাবে না।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180354