বগুড়ায় আগামীকাল চালু হচ্ছে গোলাপি রঙের নারীদের বাস
শহর প্রতিনিধি: বগুড়ার সড়কে নারীদের জন্য বিশেষ বাস নতুন এক উদ্যোগ। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস সার্ভিস বগুড়া থেকে বিভিন্ন রুটে চলাচল করলেও বগুড়া মহানগরে কিংবা জেলায় এর আগে কখনই চালু হয়নি বিশেষ এই বাস সার্ভিস৷
এবার সেই অভিজ্ঞতা পেছনে ফেলে আগামীকাল মঙ্গলবার থেকে নতুন করে শুধু নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বিআরটিসি। বাসগুলোর রঙ হবে গোলাপি এবং গায়ে লেখা থাকবে 'মহিলা বাস সার্ভিস'। নতুন উদ্যোগে বগুড়ায় চলবে দুইটি বাস৷ এছাড়াও রাজধানীর বিভিন্ন রুটে চলবে ১০টি বাস। পাশাপাশি চট্টগ্রামে চলবে আরও দুইটি বাস। বিআরটিসির চিরচেনা লাল রঙ বদলের পাশাপাশি বাসের সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে এবার বাসের চালক ও চালকের সহকারী- দুজনই থাকবেন নারী। বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে চলবে বাস দুটি।
এ বিষয়ে বিআরটিসির বগুড়ার কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম দৈনিক করতোয়াকে জানান, 'মঙ্গলবার সকালে কেন্দ্রীয়ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে । একই সময়ে বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাুউন্ড চত্ত্বরে সদর সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক জেলা পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথি ও সংবাদমাধ্যম প্রতিনিধি এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হবে বগুড়ায় নারীদের জন্য সরকারের এই বিশেষ বাস সার্ভিসের ।
নারীদের জন্য আলাদা বাসের উদ্যোগ দেশে প্রথম নেওয়া হয় ১৯৯৮ সালে বিআরটিসির মাধ্যমে পরীক্ষামূলকভাবে। পরে ২০০১ সালে ঢাকা ও আশপাশের এলাকায় সেবা সম্প্রসারণ করা হয়। বিভিন্ন সময়ে সেবা বন্ধ ও ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল । সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে পুরোপুরি বন্ধ হয়ে যায় নারীদের জন্য বিশেষ এই পরিবহন সেবা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180306