বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান বাড়ানোর প্রয়োজন: শিক্ষামন্ত্রী
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান ও গবেষণার সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার (১৭ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন , বাংলাদেশের শিক্ষার্থীরা মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিভিন্ন দেশে গিয়ে ভালো করছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের এমনভাবে প্রস্তুত করছে যে তারা বিদেশে গিয়ে সফল হচ্ছে। তবে এসব শিক্ষার্থী যে দেশের বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবদান যথাযথভাবে স্বীকৃতি পাচ্ছে না।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান আরও বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী গবেষক রয়েছেন, যারা বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ দেশের ভেতরে তাদের খুঁজে বের করে কাজে লাগাতে পারছি না—এটি আমাদের ব্যর্থতা।
তিনি বলেন, আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এ সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষকদের সক্ষমতা কাজে লাগিয়ে উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180276