ভারি বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় চট্টগ্রাম

ভারি বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় চট্টগ্রাম

মফস্বল ডেস্ক : এক মাসের ব্যবধানে টানা ভারি বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় ডুবেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা।  আজ সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে কাতালগঞ্জ, পাঁচলাইশ, মুরাদপুর, চকবাজার, আগ্রাবাদ, ফরিদারপাড়া, উত্তর কাট্টলী, দক্ষিণ নালাপাড়া ও জামালখানসহ বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে হাঁটুপানি জমেছে। কোথাও কোথাও পানি উঠেছে কোমরসমান। 

রোববার থেকে বৃষ্টি শুরু হলেও রাত থেকে তা ভারি রূপ নেয়। সোমবার সকাল ১০টা পর্যন্ত ভারি বৃষ্টি অব্যাহত থাকায় অফিস-আদালত ও কর্মস্থলমুখী মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেক সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। জলাবদ্ধতার কারণে অনেকে বাসা থেকে বের হতে পারেননি।

আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে। রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অতি ভারী বর্ষণ।

নগরের কাতালগঞ্জ আবাসিক এলাকায় সোমবার সকালে প্রায় কোমরসমান পানি দেখা যায়। অনেক ভবনের নিচতলা ও গাড়ি রাখার জায়গায় পানি ঢুকে পড়ে।  পাশের পাঁচলাইশ আবাসিক এলাকাতেও একই চিত্র দেখা গেছে। 

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে চারটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ হাজার ২৫৭ কোটি টাকা। প্রকল্পগুলোর বড় অংশের কাজ শেষ হওয়ার পরও ভারি বৃষ্টিতে আগের মতোই নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।

জলাবদ্ধতার বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী জানান, সকালে ভারি বৃষ্টির সঙ্গে জোয়ারের পানির চাপ ছিল। এ কারণে নগরের কিছু এলাকায় পানি জমেছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য সিটি করপোরেশনের কর্মীরা কাজ করছেন। বৃষ্টি থামলে পানি দ্রুত নেমে যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180255