রমেক হাসপাতালে সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

রমেক হাসপাতালে সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগী সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগী সেবার মান বাড়াতে তিনি প্রতি মুহূর্তে হাসপাতালের পরিচালক এবং গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীর সঙ্গে কথা বলে বিষয়গুলো নজরদারিতে রাখছেন। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান।

আজ রোববার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয়তলা বিশিষ্ট নতুন আইসোলেশন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।

মন্ত্রী বলেন, হাসপাতালের লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে ইতোমধ্যে সভা করা হয়েছে। খুব শিগগিরই এসব বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ অগ্রগতি পরিলক্ষিত হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180219