গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদে পরিণত হয়েছে: এমপি আমির হামজা
গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা।
আজ রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ শেষে সমাবেশে তিনি এ কথা বলেন। আমির হামজার ওপর হামলার প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামী এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
আমির হামজা বলেন, এখন নতুন ফ্যাসিস্ট হওয়ার জন্যে যে মানুষগুলো এই কুষ্টিয়াতে মাথাচাড়া দিয়ে উঠতেছে, আমরা এই বাড়িগুলোর দিকে একটু তাকাতে বলবো। এই সেই বাড়িগুলো, যেখান থেকে পানির বোতল, শরবতের বোতল আমাদের জন্য এই মানুষগুলো ফেলে দিয়েছিল। সুতরাং আবারো যদি কোনো ছাপড়ি সংগঠন, আমি আগেও বলেছি, এখনো বলছি- যাদের সভাপতি-সেক্রেটারি ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের এই সন্ত্রাসী দল এটা এখন আর গণঅধিকার পরিষদ নেই, এটা গণধিকৃত পরিষদে পরিণত হয়েছে।
তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত রানিং একজন জনপ্রতিনিধি। আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি। এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোন বাধা নেই। সুতরাং কোনো সন্ত্রাসের জায়গা আমার এই কুষ্টিয়াতে হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, তাওহিদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না। ইনশাআল্লাহ।
আমির হামজা বলেন, প্রশাসনকে আমরা আহ্বান জানাই। কোনো দলের লেজুরবৃত্তি করা যাবে না। সে যেই হোক, আপনারা সরকারি লোক। সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি এসপি, ওসি, টিএনও, যারা সরকারিভাবে দায়িত্বে আছেন জনগণের জন্য যদি কাজ করেন, এই কুষ্টিয়াতে থাকবেন। জনগণের জন্য কাজ না করলে আপনাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য।
বিক্ষোভ মিছিলে জামায়াত-শিবিরের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা এমপি আমির হামজার ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেলে গণআধিকার পরিষদকে নিয়ে এমপি মুফতি আমির হামজার বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিল গণধিকার পরিষদ। এ সময় আমির হামজার গাড়ি ৬ রাস্তার মোড়ে পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করা হয়। একপর্যায়ে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180205