শহীদ জিয়ার খাল খননের মাধ্যমে দেশে মৎস্য বিপ্লব শুরু হয়েছিল : বগুড়ায় মৎস্য পক্ষের উদ্বোধনীতে এমপি বাদশা
শহর প্রতিনিধি : বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা খালের মাধ্যমে বাংলাদেশে মৎস্য বিপ্লব শুরু হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুরু করা মৎস্যচাষীদের প্রণোদনাসহ নানা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৬ আগস্ট) বগুড়ায় জাতীয় মৎস্য পক্ষ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বাদশা আরও বলেন, বগুড়ার কাহালু, নন্দীগ্রাম, আদমদীঘি, দুপচাঁচচিয়াসহ কয়েকটি উপজেলায় মাছের পোনা উৎপাদনসহ মাছ চাষ অনেক আগে থেকেই হয়ে আসছে। তিনি বলেন, বগুড়ায় যমুনা নদীতে ইলিশের প্রজনন ও ইলিশ মাছের আগমন যেন আরও বৃদ্ধি পায় এবিষয়ে মৎস্য কর্মকর্তাদেরা নজর দিতে হবে।
মাছের রেনু সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে যেনো কেউ পাচার করতে না পারে সে বিষয়েও জেলার দায়িত্বশীল কর্মকর্তাদের পাশাপাশি সকলকে সজাগ থাকতে হবে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি মৎস্য পক্ষের উদ্বোধন করেন। এরপর বটতলা চত্বর থেকে এক র্যালি বের করা হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে মৎস্য পক্ষের উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) যতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মো. খালেকুজ্জামান সরকার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ ময়নুল হক বকুল, উদ্যোক্তা মোঃ সামিউল সাদিক, সোনার বাংলা মৎস্য হ্যাচারির সত্ত্বাধিকারী মোঃ মঞ্জুরুল হক সোনা। পরে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এবছর দেশীয় প্রজাতির ছোট মাছ উৎপাদন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয় কাহালু উপজেলার ভালশুন গ্রামের দিহান মৎস্য খামারের সত্বাধিকারী মোঃ শহিদুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলার ভাই ভাই মৎস্য খামারের মোঃ আব্দুল মালেক পুরষ্কার পেয়েছেন কার্প জাতীয় মাছ উৎপাদনে, মৎস্য সম্পদ উন্নয়নে যুব উদ্যোক্তা হয়ে পুরষ্কৃত হয়েছেন শেরপুর উপজেলার আলতাদিঘীর কুসুম্বা গ্রামের মোঃ সামিউল সাদিক এবং বগুড়া সদরের কার্প জাতীয় মাছ উৎপাদনে পুরষ্কার পেয়েছেন দি আরেফা মৎস্য খামারের রাজা মিয়া শেখ।
নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের সম্মাননা স্মারক, সনদ এবং গাছের চারা উপহার প্রদান করা হয়। পরে সরকারি শিশু পরিবারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180200