বগুড়ার নন্দীগ্রামে মাদক সেবন ও সংরক্ষণে দায়ে তিনজনের কারাদন্ড
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গাঁজা ও ইয়াবা সেবন, সংরক্ষণ এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডসংলগ্ন নতুন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবন-সংরক্ষণ এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনজনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে অভিযুক্তদের স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন-নন্দীগ্রাম পৌর এলাকার পূর্বপাড়ার শাহ আলম (৬৫), তার স্ত্রী মোছা. মিনকা (৪৫) ও নওগাঁর আত্রাই উপজেলার মাড়িয়া গ্রামের আলমগীর হোসেন (২৫)। আদলতের রায়ে শাহ আলমকে ১শ’ টাকা অর্থদন্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, মিনকাকে ১শ’ টাকা অর্থদন্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও আলমগীর হোসেনকে ১শ’ টাকা অর্থদন্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিদর্শক শামীমা আক্তার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180195