শিবচরে অজ্ঞাত রোগে এক পরিবারের ১১ জন অসুস্থ

শিবচরে অজ্ঞাত রোগে এক পরিবারের ১১ জন অসুস্থ

মাদারীপুরের শিবচরে অজ্ঞাত রোগে এক পরিবারের ১১ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

আজ রোববার (১৬ আগস্ট) তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘটেছে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া গ্রামে। শুক্রবার সকালে নয়ন শেখের বাড়িতে রান্না করা খাবার খাওয়ার পর পরিবারের সাত সদস্য অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খান। একপর্যায়ে হঠাৎ পরিবারের সাত সদস্য অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন।

পরিবারের কারও ফোনে সাড়া না পেয়ে নয়ন শেখ আশপাশের বাড়িতে থাকা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বিষয়টি জানান এবং বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলেন। পরে বিকেল ৪টার দিকে এক প্রতিবেশী গিয়ে দেখেন তারা ঘরের ভেতর অচেতন অবস্থায় পড়ে আছেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ওই রাতেই বাড়ির আরো কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এঘটনায় এক পরিবারের মোট ১১ সদস্য অসুস্থ হন ।

অসুস্থ সাগরিকা আক্তার জানান, সকালে রান্না শেষে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেতে বসি। খাবার খাওয়ার সময় হঠাৎ একে একে সবাই জ্ঞান হারিয়ে ফেলেন।

অসুস্থ মনিকা আক্তারের দাবি, খাবার বা পানিতে কেউ কোনো ধরনের বিষাক্ত পদার্থ মিশিয়ে দিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াসিফ বলেন, অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে তাদের এমনটা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত দরকার।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180179